২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি, ডিলারকে জরিমানা

খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 05:50 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

ফরিদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দায়ে এক দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শহরের বিভিন্ন ডিমের আড়তে এ অভিযান চালানো হয় বলে জানান ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখে।

তিনি বলেন, শহরে হঠাৎ করে ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়।

ভোক্তা অধিদপ্তরের সোহেল শেখ জানান, জেলার প্রধান বাজার হাজী শরীয়তুল্লাহ বাজারে অতিরিক্ত দামে ডিম বিক্রির দায়ে     ‘রাকিব এন্টারপ্রাইজের’ মালিক মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনা-বেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অন্যদিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সোহেল শেখ।

খাদ্যদ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

অভিযানে ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।