ফেনীতে ৮ ‘পরিবহন চাঁদাবাজ’ গ্রেপ্তার, ‘অর্ধলাখ টাকা’ উদ্ধার
এ ছাড়াও গ্রেপ্তারদের কাছে নামে-বেনামে কাটা চাঁদার রশিদ পাওয়া যায় বলে র্যাব জানায়।
ফেনীর সোনাগাজীতে বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারদের কাছে পাওয়া গেছে চাঁদা আদায়ের অর্ধলাখ টাকা।
শনিবার রাতে উপজেলার ডাক বাংলো, কলেজ রোড ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রমের আব্দুর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০), মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে মো. এমরান হোসেন (৩৬), পৌর এলাকার চরগনেশ গ্রামের ফজলুল হক চৌধুরীর ছেলে একেএম মাইনুল হক চৌধুরী মাঈনুদ্দীন (৩৭), এ কে এম মোফাজ্জল হক চৌধুরী (৪৮), পৌর এলাকার পূর্ব চরগনেশ গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৪), পৌর এলাকার তুলাতুলী গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে মো. নুর করিম (২৭), সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিরাজুল ইসলাম (৪২) ও মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের করিমুল হকের ছেলে রবিঊল হক (২৯)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একাধিক চক্র সোনাগাজী উপজেলার বিভিন্ন পয়েন্টে পরিবহন চালকদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলার ডাক বাংলো, কলেজ রোড ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় আট চাঁদাবাজকে গ্রেপ্তার করে র্যাব।
এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়ের নগদ ৪৯ হাজার ৮০৫ টাকা এবং নামে-বেনামে কাটা রশিদ পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “এ ঘটনায় র্যাবের এসআই সৌরভ হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। রোববার সকালে আসামিদের সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেছে।”
ওই থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, “আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
