২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে পিস্তল ও গুলিসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সোহাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 06:21 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

পিরোজপুর সদর উপজেলা থেকে বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার ভোরে উপজেলার নামাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা জানান।

গ্রেপ্তার সোহাগ সিকদার (৩১) কুমারখালী এলাকার মো. শাহাদাত সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

মেজর সোহেল রানা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সোহাগ শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দেন। সশস্ত্র অবস্থায় ছাত্র-জনতার মিছিলে তাকে চড়াও হতে দেখা গেছে।”

এ ছাড়া সোহাগের বিরুদ্ধে আন্দোলনের সময় দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা, মারপিট ও মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বিষয়টি নজরে এলে সোহাগের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি একটি ম্যাগাজিন।

সোহাগের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে বলে জানান মেজর সোহেল রানা।

গ্রেপ্তারের পর সোহাগের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।