Published : 01 Jul 2026, 02:56 PM
মানিকগঞ্জের সিংগাইরের একটি পাটক্ষেত থেকে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীররাতে বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।
নিহত ১৭ বছর বয়সী সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের রহমত ওরফে টুলুর ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মাজহারুল বলেন, গোলাই এলাকায় একটি পরিত্যক্ত ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে আশেপাশের তল্লাশি চালিয়ে একটি পাটক্ষেত থেকে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে অটোরিকশাটির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।”
ওসি মাজহারুল বলেন, “নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।