২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে উঠল পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল

সন্ধ্যায় কিছু লোক এসে কার্যালয়টি আবার ভাঙচুর করেন; তারা কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 10:02 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের খুলনা কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা পতাকা উত্তোলন করেছেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।   

রোববার বিকালে নগরীর লোয়ার যশোর রোডের শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের জেলা ও মহানগর কার্যালয়ে নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন বলে খুলনা সদর থানার ওসি কবীর হোসেন জানান। 

প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা জানান, নেতাকর্মীরা কার্যালয়ে নীচতলার কলাপসিবল গেইটের তালা খুলে দোতলায় যান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ফুলের মালা দেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

মুহূর্তেই এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন নামের একজন; তিনি নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দেন। 

জাহাঙ্গীর বলেন, “রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি, আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব।”

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বলেন, “এত দিন একটি অবৈধ সরকার ছিল, ‘মবের রাজত্ব’ চলছিল। আমাদের রাজনৈতিক অধিকার আছে। এখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা মনে করছি, কার্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সে হিসেবেই আমাদের নেতা-কর্মীরা কার্যালয়ে গেছেন।”

তিনি বলেন, “আমাদের কার্যক্রমের ওপর যে অবৈধ নিষেধাজ্ঞা ছিল, আমরা মনে করি, নির্বাচিত সরকার একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনীতি করার সুযোগ দেবে।”

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে ৪ অগাস্টেই মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পর থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কাউকে যেতে দেখা যায়নি।

এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কার্যালয় থেকে যাওয়ার পর সন্ধ্যায় কিছু লোক এসে কার্যালয়টি আবার ভাঙচুর করেন। তারা কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

তবে তারা তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

খুলনা সদর থানার ওসি কবীর হোসেন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। দুপুরের দিকে কিছু লোকজন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে শীর্ষ নেতাদের ছবি টানান এবং পুষ্পমাল্য অর্পণ করেন। আবার সন্ধ্যায় কিছু লোক এসে তা ভাঙচুর ও অপসারণ করে অগ্নিসংযোগ করেন।”

ওসি বলেন, “আশপাশের সিসি ক্যামরার ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”