সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিএনপির হয়ে তিনি ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি), ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন।
সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার আর নেই। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের তালুকদার পরিবারের সন্তান মান্নান স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
মান্নান তালুকদার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার একাংশ) আসন থেকে বিএনপির হয়ে ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি), ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হন।
প্রবীণ এই বিএনপি নেতা জেলার সভাপতিও ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়াত এই নেতার জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।
