২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ভাড়া আদায়, গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 09:02 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের একটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায়ের অভিযোগ আসছিল গোল্ডেন লাইন পরিবহনের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউন্টার কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

যাত্রীরা জানান, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে প্রতিবাদ করলেও কোনো লাভ হয় না। বাধ্য হয়ে যাত্রীদের বেশি ভাড়া দিয়ে টিকেট নিতে হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

ভ্রাম্যমাণ আদালতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যাত্রীরা বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে পরিবহন খাতে অনিয়ম অনেকটাই কমে আসবে এবং যাত্রীদের হয়রানিও কমবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে প্রায় ৪০ শতাংশ বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে গোল্ডেন লাইন পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে এ এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পগুলোকে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদ না করার জন্য সতর্ক করা হয় বলে জানান তিনি।