হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি হয়েছে: মির্জা ফখরুল
“যার বেতন সব মিলিয়ে কয়েক কোটি টাকার বেশি হয় না, সেই লোকের এখন দেখা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পদ।”
‘একজন-দুজন নয়, আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আজকে খবরের কাগজ খুললেই কী দেখেন আপনারা? দেখবেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। কখন করেছেন? যখন তিনি র্যাবের ডিজি ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, তখন এত সম্পদ তৈরি করেছেন।
“যার বেতন সব মিলিয়ে কয়েক কোটি টাকার বেশি হয় না, সেই লোকের এখন দেখা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পদ।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর-সৈকত কনভেনশন হলে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, “এটা গেল একজনের কথা, আরেকজনের কথা বাইরে বেরিয়ে এসেছে। হঠাৎ করে আমরা দেখলাম, সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ। যার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল আলজাজিরাতে। তিনি কীভাবে তার ভাইদেরকে রক্ষা করার জন্য প্রভাব খাটিয়ে মিথ্যা পরিচয়ের পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। তার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দেওয়ার পর এখন তাদের টনক নড়েছে। এখন বলছে, এখন তদন্ত করব।”
আদালতে বিচার চেয়ে না পাওয়ার অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, “অথচ কোনো কোনো লোকের হাই কোর্ট থেকে তদন্ত বন্ধ করে দেওয়া হয়; কোনো কোনো লোকের মুক্তি হয়ে যায়।
“আমাদের দলের প্রায় দুই হাজার মানুষকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে দিয়েছে। গাজীপুরেরও কয়েক হাজার লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের কোর্টে হাজিরা দিতে দিতে জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে।”
ফখরুল ইসলাম বলেন, “শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান থেকে আজকে আমাদের শপথ নিতে হবে।”
তরুণদের জেগে ওঠার ও ইস্পাত দৃঢ় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা অন্যায় কোনো কিছুর কাছে মাথা নোয়াবেন না। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের যে পথ নির্দেশ করবেন সেই পথে চলে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট, ন্যায়ের রাষ্ট্র ও সত্যের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। এদিনে এই হউক আমাদের শপথ ও প্রতিজ্ঞা।”
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সদর মেট্রোপলিটন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, গোলাম হাফিজ, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মাজহারুল ইসলাম, শহিদুজ্জামান, মেহেদী হাসান এলিচ, আব্দুস সালাম শামীম, আনোয়ারা বেগম, মাহবুবুব আলম শুক্কুর, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সুরুজ আহমেদ, হুমায়ূন কবির রাজু, মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা।
