ছাত্র আন্দোলন: রাজশাহীর ২ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
এ ছাড়া দুই সমন্বয়ককে রাজশাহীতে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন তারা।
আওয়ামী লীগের দোসর, চাঁদাবাজ ও মামলার আসামিদের স্থান দেওয়ার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী আন্দোলনের সদ্য ঘোষিত রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি প্রত্যাখান করেছেন কিছু শিক্ষার্থী।
স্থানীয় দুই সমন্বয়ককে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলে কেন্দ্রীয় সমন্বয়ক ও দুই উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ নিয়ে শুক্রবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
এর আগে বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্যাডে রাজশাহী মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমাম তানিমকে আহ্বায়ক ও রাজশাহী কলেজের হযরত আনাসকে সদস্যসচিব করে ৬ মাসের জন্য ১১৫ সদস্যের মহানগর কমিটি এবং একই মেয়াদে রাজশাহী কলেজের মো. নাহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মো. রহমতুল্লাহকে সদস্যসচিব করে জেলা কমিটি গঠন করা হয়।
তবে ঘোষণার পরদিনই ওই দুই কমিটি নিয়ে আপত্তি তুলে সংবাদ সম্মেলন ডাকেন রাজশাহীতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে ঘোষিত মহানগর কমিটির সদস্য সাফিউল ইসলাম অনিক ও আরিবুল ইসলাম আবিরও ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী জুবায়ের রশিদ।
তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ অগাস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে। জেলা ও মহানগরের কমিটিতে আন্দোলনের প্রকৃত বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে চেতনাবিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আন্দোলনবিরোধী এসব ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাঁদাবাজি, দখল ও সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।”
তিনি আরও বলেন, “উদ্বেগের বিষয় হল এই কমিটির নেতৃত্বে এমন অনেককে রাখা হয়েছে যারা সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি আওয়ামী লীগের শরিক দল জাসদের ছাত্র সংগঠনের মূল নেতৃত্বও এই কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।”
জুবায়ের বলেন, “যারা রাজশাহীর বাইরে ছিল, আন্দোলনে সম্পৃক্তই ছিল না, তাদেরও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ প্রকৃত লড়াকু যোদ্ধাদের নাম সেখানে নেই। এটি সরাসরি জুলাই বিপ্লবের চেতনাকে অপমান এবং রাজশাহীর ত্যাগী ছাত্র-জনতার সঙ্গে প্রতারণার শামিল। একজন হত্যা মামলার অন্যতম আসামিকে এই কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে, যা এই কমিটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। এরা আন্দোলনের চেতনা বিকৃত করে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থসিদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত।”
জুবায়ের রশিদ বলেন, “রাজশাহীর সর্বস্তরের ছাত্রসমাজ এই পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে রাজশাহীর মাটিতে মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করা হল।”
সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ, উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, “যে ১৫-২০ জন সংবাদ সম্মেলন করেছেন, তাদের আমি ভালো করেই চিনি। তারা আন্দোলনে ছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেককেই জিজ্ঞেস করা হয়েছিল, তারা কিন্তু তখন কমিটিতে থাকতে চাননি। এখন সংবাদ সম্মেলন করছে। এতে লিখিত বক্তব্য পাঠ করা ব্যক্তি জুবায়ের রশিদ মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদের ছেলে। তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিল।”
আম্মার আরো বলেন, “কমিটি একটা প্রক্রিয়ার মধ্যে হয়েছে। ঢাকা থেকে বিভাগীয় প্রতিনিধি এসেছিল। তিনমাস ধরে জেলা-উপজেলায় সার্ভে করেই কমিটি দেওয়া হয়েছে। আমি এই কমিটি গ্রহণ করছি। কারণ, আগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর এখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক নয়।”
