২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, ক্ষেতে লাশ

কাঁঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার তিস্তা সেচ খালের পাশের ধান ক্ষেত থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 05:59 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

নীলফামারীর জলঢাকা উপজেলায় চালককে হত্যা করে ইঞ্জিনচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার কাঁঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকার তিস্তা সেচ খালের পূর্ব পাশের হামিদুল মেম্বারের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে জলঢাকা থানা ওসি নাজমুল আলম জানান।

নিহত মমিনুর ইসলাম মহাবীর (১৫) জলঢাকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। সে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে সে অটোভ্যান চালাত বলে পরিবার জানিয়েছে। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, মমিনুর শুক্রবার শেষ বিকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবার সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করে। 

বেলা ১১টার দিকে স্থানীয়রা ধান ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ওসি নাজমুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের জন্য মমিনুরকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”