কুমিল্লার ১১ আসনে ১৩৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, জমা দিয়েছেন ৯ জন
“সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ১১টি আসন থেকে দলটির মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় রোববার জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসান জানিয়েছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে ১৪টি, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১৫টি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩টি, কুমিল্লা-৪ (দেবিদ্বার আসনে) ১৩টি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১৬টি, কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনে ১৪টি, কুমিল্লা-৭ (চান্দিনা আসনে) ৯টি, কুমিল্লা-৮ (বরুড়া আসনে) ১০টি, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১৮টি, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৭টি এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম আসনে) ১০টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মু রেজা হাসান বলেন, “সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। ১১টি আসন থেকে দলটির মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
“এছাড়া জামায়াতের ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”
এছাড়া এ পর্যন্ত মোট নয় জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলেও জানিয়েছেন তিনি।
রোববার মনোনয়নপত্র সংগ্রহ শেষে কুমিল্লা-৬ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মিয়া মো. তৌফিক বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার যেন নির্বিঘ্নে প্রয়োগ করা যায় সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মু রেজা হাসান বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি এবং আচারবিধি নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক রয়েছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
