Published : 21 Dec 2025, 10:37 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় নদীর ঘাটে ফেলে রাখা ৪৫০ বস্তা আলু উদ্ধার করেছে পুলিশ।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, রোববার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের কালিজিরা খালের তীর থেকে এসব আলু উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাতে মগড় ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু খান বলেন, বুধবার রাতে অপরিচিত কয়েকজন লোক আলুভর্তি একটি বড় ট্রলার খালের পাড়ে নিয়ে আসেন। পরে তারা আলুর বস্তাগুলো ট্রলার থেকে খালের পার্শ্ববর্তী মনির তালুকদারের জমিতে উঠিয়ে রেখে খালি ট্রলারটি নিয়ে চলে যান।
“এ সময় এলাকাবাসী ভেবেছিলেন, হয়ত এই আলু কেউ কিনেছেন। তারা নিয়ে যাবেন। কিন্তু তিন দিনেও কেউ ওই আলুর বস্তা নেয়নি। পরে এলাকার লোকজন আমাকে জানায়। আমি মালিককে খোঁজে বের করার চেষ্টা করি। কিন্তু পাইনি। পরে আমি পুলিশকে জানাই।”
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন বলেন, “উদ্ধার হওয়া আলুর বস্তাগুলো আমার জিম্মায় রাখা হয়েছে।”
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ আলী বলেন, “পরবর্তীতে প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”