২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

পুলিশ জানায়, গ্রেপ্তার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 05:53 PM

Updated : 29 Sep 2026, 05:53 PM

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়।

গ্রেপ্তাররা হলেন- জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০), চর জোড়খালী গ্রামের হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং একই এলাকার মো. নায়েব আলী (নাতু) (৫০)।

পুলিশ জানায়, নায়েব আলীর বাড়িতে জুয়ার আসর বসেছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক বান্ডেল তাস, নগদ দুই হাজার সাত টাকা এবং জুয়া খেলার সময় বসার জন্য ব্যবহৃত ফোমের একটি ছেঁড়া অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. আশরাফুল আলম জুয়া প্রতিরোধ আইনে মামলা করেছেন।

ওসি স্নেহাশীষ রায় বলেন, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় তাদের ওই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় রাতের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার চারজনকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।