Published : 25 Jan 2026, 07:28 PM
গাজীপুরে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দুই কর্মচারীকে মারধর করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার বিকাল সোয়া ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ওসি হারুন অর রশিদ।
ওসি জানান, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান তার এক সহকারীসহ ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন।
তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেল কয়েকজন তাদের গতিরোধ করে।
এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারী দুইজনকে মারধর করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।