রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের
রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু।
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
নিহত ১৭ বছর বয়সী রাসেল মণ্ডল মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার সোবান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৬) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)।
তারা দুজনেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতের স্বজনদের বরাতে ওসি সালাউদ্দিন বলেন, রাতে মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পরে উদয়পুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে রাসেল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে পৌছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
