১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন বছরে চা গাছের উৎপাদন বাড়াতে প্রুনিং

প্রুনিং এর কারণে মৌলভীবাজারে চা বাগানে সবুজের সমারোহ এখন আর নেই। মার্চে বৃষ্টি হলে আবার ফিরবে প্রাণচাঞ্চল্য; সবুজের সমারোহ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:18 AM

Updated : 13 Dec 2023, 11:18 AM

মৌলভীবাজারের চা বাগানগুলোতে এখন চলছে প্রুনিং এর কাজ। শীত এলেই এসব বাগানের সেকশনজুড়ে চা গাছগুলোর মাথা কেটে ছেঁটে ফেলা হয়। 

গাছ পরিপূর্ণ হওয়ার পর গাছকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং নতুন বছরে উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য কাণ্ড, শাখা, পাতা, ফুল ইত্যাদি কেটে অপসারণ করাকে প্রুনিং বলে।

প্রাকৃতিক কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চা বাগানের উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকে। এ সময়টিতে চা গাছের শাখায় শাখায় শুভ্র ফুল আসে। ফুল আসার কারণে চা পাতার উৎপাদন কমে যায়। ফলে ডিসেম্বরে চা গাছের মাথা প্রায় আড়াই ফুট উচ্চতায় ছেঁটে রঙ লাগিয়ে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়।

ভাল ফলনের আশায় মৌলভীবাজারের চা শ্রমিকরা এ সময় চা গাছ কাটার ‘দা’ দিয়ে পূজা করেন। ফলে এর নামটাও ‘দা পূজা’। 

সোমবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে ‘দা’ পূজা করে ওই দা দিয়ে আনুষ্ঠানিকভাবে চা গাছ ছাঁটা শুরু হয়। 

প্রুনিং এর কারণে মৌলভীবাজারে চা বাগানে সেই সবুজের সমারোহ এখন আর নেই। আগামী দুই থেকে তিন মাস এমন থাকবে। মার্চে বৃষ্টি হলে আবার ফিরবে সবুজের সমারোহ। 

শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, চা গাছ প্রুনিং করলে মার্চের শুরুতেই ভালো কুঁড়ি আসতে শুরু করে। এর ভেতরে আরও কিছু পরিচর্যার প্রয়োজন রয়েছে। 

বাগানের শ্রমিক সুগ্রীব গৌর বলেন, “নতুন বছর যাতে ভালো পাতা পাওয়া যায় তাই গাছের উপরের অংশ প্রুনিং করা হয়। এজন্য সনাতন নিয়মে চা বাগানের সেকশনেই ‘দা’ পূজা করা হয়।” 

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচাক ড. রফিকুল ইসলাম বলেন, এখন বাগানে বাগানে চলছে প্রুনিং এর কাজ। গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পুরো হিসাব সব বাগান থেকে এখনও আসে নাই। জানুয়ারির প্রথম সাপ্তাহে পুরো তথ্য পাওয়া যাবে।