কুমিল্লায় বিএনপি সঙ্গে পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ২০
সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজারে থেমে থেমে চলে সংঘর্ষ।
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নাঙ্গলকোট পৌর বাজারে থেমে থেমে চলে এই সংঘর্ষ।
এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের পাঁচজনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর বাজারের খিলা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।
কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় দুই দলের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ।
উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভুঁইয়া বলেন, “জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ছিলো।”
“সকাল ৯টায় মিছিলের শুরুতে পুলিশ আমাদের অন্যায়ভাবে লাঠিপেটা করেছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আমাদের ১৫ জনের বেশি কর্মী আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।”
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, “বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে তাণ্ডব চালিয়েছে। তারা বাজারের বটতলা এলাকায় আমাদের নেতা ও সরকারের অর্থমন্ত্রীর নামে নির্মিত লোটাস কামাল চত্ত্বর, নৌকার তোরণসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে।”
ওসি ফারুক হোসেন বলেন, “আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছে।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
