করলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
“শুধু করলা ক্ষেত নয়, তারা কিছুদিন আগে আমাদের একটি ধান রাখার ঘরে আগুন দিয়েছিল।”
ঠাকুরগাঁও সদর উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের প্রায় ২৫ শতাংশ জমির করলা গাছ শত্রুতা করে কেটে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও তার পরিবার।
মঙ্গলবার ভোররাতে উপজেলার সালন্দর ইউনিয়নের নেউলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম তরিকুল আলম। তিনি সালন্দর ইউনিয়নের নেউলাপাড়া গ্রামের প্রয়াত আশির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, তরিকুল ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সংসারের অভাব ঘোচানোর জন্যে স্ত্রী জান্নাতুন ফেরদৌসি ও ছেলে নূর মোস্তফা মিমকে নিয়ে বাড়ির পাশে এক বিঘা জমিতে করলা চাষ করেন। ক্ষেতে ফলনও আসতে শুরু করেছে। তার মধ্যেই এই গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটল।
জান্নাতুন ফেরদৌসি ঘটনার জন্য এক প্রতিবেশীকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, তাদের সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরোধ আছে। সেই বিরোধের জেরে সাড়ে ৩০০ করলা গাছ কেটে ফেলা হয়েছে।
“জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু তাই বলে আমাদের করলা ক্ষেত এভাবে কেটে দেবে। এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না”, কান্নাজড়িত কণ্ঠে বিচার চেয়ে বলেন জান্নাতুন ফেরদৌসি।
কলেজ ছাত্র নূর মোস্তফা মিম বলেন, “প্রচণ্ড রোদ উপেক্ষা করে মা-বাবাকে নিয়ে এই করলা ক্ষেত করেছি। রাতের আঁধারে করলা গাছে গোড়া কেটে দিয়েছে তারা। এটা একেবারে অমানবিক কাজ। আমরা স্বপ্ন বুনেছিলাম অভাব ঘোচানোর, কিন্তু আমাদের সেই স্বপ্ন নষ্ট করে দিল তারা।”
কৃষক তরিকুল ইসলামও ঘটনার জন্য প্রতিবেশীকে দায়ী করে বলেন, “জমি নিয়ে বিরোধ রয়েছে। তারা তো আমাদেরকে বলতে পারত, আমরা বসে সেটি সমাধান করতাম। কিন্তু তা না করে তারা আমাদের করলা ক্ষেত কেটে দিয়েছে।
“শুধু করলা ক্ষেত নয়, তারা কিছুদিন আগে আমাদের একটি ধান রাখার ঘরে আগুন দিয়েছিল। এ বিষয়ে মামলা চলছে। আমি তাদের শাস্তি চাই।”
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, “করলা ক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। তাদেরকে বলা হয়েছে, এজাহার দেওয়ার জন্য। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
