২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা, পরে ঝুলন্ত লাশ উদ্ধার

বন্ধুরা মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বাসায় যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2024, 09:47 AM

Updated : 26 Aug 2026, 09:42 AM

গোপালগঞ্জে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জেলা শহরের ইসলামপাড়ার বাসা থেকে সোমবার রাত ১১টার দিকে সাজিদ হোসেন নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান। 

মৃত সাজিদ কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের সফিকুল আসলামের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ওসি আনিচুর রহমান বলেন, “সাজিদের মা নেই। তার বাবা রেলওয়ে পুলিশে চাকরি করেন। কাজের জন্য তিনি বাইরে থাকেন। সাজিদ বাসায় একাই থাকতো। 

“সোমবার সন্ধ্যায় সে বন্ধুদের ফোন করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। পরে রাতে বন্ধুরা সাজিদের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার বাসায় যায়। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালা খুলে সাজিদকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তারা।”

ময়নাতদন্তের পর সাজিদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।