২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ‘ঘুষ গ্রহণের সময়’ দুদকের জালে পাসপোর্ট কর্মকর্তা

“ঘুষের প্রথম কিস্তির ২০ হাজার টাকা নেওয়ার সময় তাকে আটক করা হয়”, বলেন দুদকের এক কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

‘ঘুষ গ্রহণের সময়’ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক।

আটক ফারুক আহমেদ ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক। 

দুদক জানায়, ফারুক আহমেদ পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ভুক্তভোগী বিষয়টি দুদককে জানায়।

দুদকের উপ-পরিচালক তাহসিন বলেন, ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিতে চান ফারুক আহমেদ। পরে দুদকের একটি দল ওই এলাকায় অবস্থান নেই। নতুন কমিশনের প্রথম অভিযান এটি। 

“দুপুরে ঘুষের প্রথম কিস্তির ২০ হাজার টাকা নেওয়ার সময় ফারুক আহমেদকে হাতেনাতে আটক করা হয়।”

তিনি বলেন, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘুষ গ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে দুদক।