Published : 19 Oct 2025, 07:22 PM
গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও এক নারী নিখোঁজ রয়েছেন এবং অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই আল মামুন জানিয়েছেন।
তিনি বলেন, “রোববার সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম নারী বাড়ির পাশের ক্ষেতের উপর জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন।
“ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া কচুরিপানা বানার নদীতে ফেলার সময় অসাবধানতাবশত তারা নদীর প্রবল স্রোতে ভেসে যান।”
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলার মনোহরদী এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপিকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই মামুন।
বাকিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছেন জানিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত বিলকিস বেগম নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজ চালাচ্ছে।”