২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সঙ্গে ভোটকেন্দ্র গিয়ে বাড়ি ফেরা হল না মুন্নির

শেরপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে চার বছরের শিশুর মৃত্যু।

মায়ের সঙ্গে ভোটকেন্দ্র গিয়ে বাড়ি ফেরা হল না মুন্নির
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 06:47 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

শেরপুরের নকলা উপজেলায় মায়ের সঙ্গে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইক থেকে ছিটকে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বাউসা কবুতমারী ভোটকেন্দ্র থেকে ফেরার পথে আহত শিশুটি রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানান নকলা থানার ওসি আব্দুল কাদের।

নিহত মুন্নি উপজেলার কবুতরমারি পূর্বপাড়ার মোহাম্মদ মিস্টারের মেয়ে।

ওসি আব্দুল কাদের জানান, সকালে ওই নারী তার মেয়ে মুন্নিকে সঙ্গে নিয়ে বাউসা কবুতমারী কেন্দ্রে ভোট দিতে যান। ভোট দিয়ে সাড়ে ১০টার দিকে মেয়েকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। 

পথে কবুতরমারি মিলন বাজার পুরাতন মসজিদের কাছে মুন্নি ইজিবাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে; পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি আব্দুল কাদের।