২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা খেটে দেশে ফিরলেন ১৫ নারী-শিশু

কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় দুই নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৫ নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজা খেটে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আহমেদ।

ফেরত আসারা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। এদের বয়স ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে।

ফেরত আসাদের আইনি সহায়তা দিতে মানবাধিকার সংগঠন রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানায় পুলিশ।

জাস্টিজ অ্যান্ড কেয়ার যশোর শাখার জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত বলেন, “ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে যান। দেশটিতে কাজের সন্ধান করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। 

“পরে ভারতীয় একটি মানবাধিকার সংগঠন তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।”

ফেরত আসারা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে, তা দেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে গেল ২ ভারতীয়

বাংলাদেশে সাজা খেটে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় দুই নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আহমেদ।

এ সময় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ ও যশোর কারাগারের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

ফেরত যাওয়ারা হলেন- ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং (৪২) এবং ঝাড়খণ্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো (৪০)।

পুলিশ পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, ওই দুইজন সাত বছর আগে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করেন। পুলিশের হাতে আটকের পর তাদেরকে আদালতে তোলা সাজা দেওয়া হয়। 

সাজা শেষে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ থেকে জারি করা মূল ভ্রমণের অনুমতিপত্রের (নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/এক্স ১০০৭৮৮৫) মাধ্যমে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।