২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বৃষ্টির সুযোগে বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা ঠেকাতে স্থানীয়রাও বিজিবির সঙ্গে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 11:04 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ পাঁচজনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

রাতভর হালকা বৃষ্টির সুযোগে শুক্রবার ভোরে গাংনী ধলা সীমান্ত দিয়ে তাদের পুশ ইনের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। 

তিনি বলেন, বিজিবির ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৩ এর ৩ এর সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে ধলার মাঠ দিয়ে এই পুশ ইনের চেষ্টা করা হয়।  

ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা চার জন পুরুষ ও এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে টের পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করে। এতে বিএসএফের পুশ ইনের সেই চেষ্টা ব্যর্থ হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিলেন তারা বর্তমানে কাঁটাতারের কাছেই অবস্থান করছে। 

তারা আরও বলেন, বৃষ্টির সুযোগে বিএসএফ বৃহস্পতিবার সারাদিন জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করলে গ্রামবাসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। সারাদিন রাত বৃষ্টির মধ্যেও গ্রামবাসীরা বিজিবির সঙ্গে অতন্দ্রপ্রহরী হয়ে ছিল।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, “সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশ ইন করতে দেওয়া হবে না।”