দেশে হরতাল-অবরোধ পালিত হচ্ছে না: সিলেটে শাহরিয়ার আলম
বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে।”
দেশের কোথাও হরতাল-অবরোধ পালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গত বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না দাবি করে তিনি বলেন, “নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছেন, তারা ভোট দিতে চায়।”
বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, “এ রকম চিঠি তো তারা অনেক দিয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে আসেনি; ভবিষ্যতেও আসবে না।”
