শ্যালিকার সঙ্গে পরকিয়ার জেরে স্ত্রীকে হত্যা করেন স্বামী: পিবিআই
২০২৩ সালের ৭ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় সুমা খুন হন বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই বছর আগে নিজ বাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের ধারণা ছিল, বাড়িতে চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছিল।
কিন্তু ঘটনার দুই বছর পর জানা গেছে, ওই গৃহবধূর ছোট বোনের সঙ্গে তার স্বামীর প্রেম ছিল। পরে পরিকল্পিতভাবে তাকে খুন করেন স্বামী।
বৃহস্পতিবার ভোরে নিহতের স্বামীকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
পরে দুপুরে হত্যাকাণ্ডে জড়িত নিহতের স্বামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
গ্রেপ্তার মো. শহীদুল্লাহ (৩৮) ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকা বাসিন্দা। ভোরে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৩ সালের ৭ নভেম্বর কুতুবআইল এলাকার একটি টিনসেড বাসা থেকে সুমা আক্তারের (৩০) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় সুমার মা সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলাটি শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও গত বছরের অগাস্টে পিবিআইতে হস্তান্তর হয়।
পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, “ঘটনার সময় সুমার মা প্রাথমিকভাবে ধারণা করেন, চুরি করতে এসে তার মেয়েকে কেউ হত্যা করে পালিয়ে গেছে। থানায় এমনটা অভিযোগ করেন বাদী। কিন্তু সেই সময় সন্দেহভাজন হিসেবে সুমার বোন সোহানা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
“মামলাটি পিবিআইতে আসার পর সোহানাকে আবারও জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য পাওয়া যায়। নতুন তথ্য এবং তথ্য-প্রযুক্তিগত সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে সুমার স্বামীর সম্পৃক্ততা পাওয়া যায়।”
মোস্তফা কামাল বলেন, “সুমার স্বামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। শ্যালিকার সঙ্গে শহীদুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে পরিকল্পনা করে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন শহীদুল্লাহ।”
দুপুরে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির দিলে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
