২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:45 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাক, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন। 

সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোরিকশা চালক মাহবুবুল হক এবং আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। 

অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাতপরিচয় একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লাকসাম থেকে একটি ট্রাক চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিল। পথে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি অটোরিকশা ও ইজিবাইকের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও পাঁচজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লায় পাঠানো হয়।

ওসি হিলাল উদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।