২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমে উঠছে অনলাইন পশুর হাট

কোরবানি উপযোগী আড়াই লাখ গবাদিপশুর বিপরীতে এ জেলায় চাহিদা রয়েছে প্রায় দুই লাখ।

ময়মনসিংহে জমে উঠছে অনলাইন পশুর হাট
কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহ অ্যাগ্রো ফার্মে চলছে গরু পরিচর্যার কাজ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 09:53 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহে শেষ মুহূর্তে চলছে পশু পরিচর্যার কাজ। ব্যক্তি ও খামারি পর্যায়ে গরু মোটাতাজাকরণে সবাই ব্যস্ত। তবে এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে পশু কেনা-বেচা।

অন্যান্য বছরের মত এবারও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন খামারিরা। সেইসঙ্গে পশুর দামের পাশাপাশি সঠিক চিকিৎসা নিশ্চিতের কথা বলেছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে এক লাখ ৯২ হাজার ৮৮৯টি। আর জেলায় কোরবানি উপযোগী গবাদিপশু রয়েছে দুই লাখ ৫০ হাজার ৯৮৮টি। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া এবং মহিষ রয়েছে। সেই হিসাবে উদ্বৃত্ত পশু রয়েছে ৫৮ হাজার ৯৯টি।

জেলার ১৩ উপজেলায় মোট খামারি রয়েছেন ২৪ হাজার ৬৩৫ জন। গত বছর পশু কোরবানি হয়েছিল এক লাখ ৯০ হাজারের মত।

এবার জেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে ১৫২টি কোরবানির পশুর হাট বসবে। বড় হাটগুলোতে ৫২টি মেডিকেল দল কাজ করবে। এ ছাড়া ভারতীয় গরু যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে এ নিয়ে সচেতন রয়েছে প্রশাসন।

২০২২ সালে নগরের কাচারীঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে চরঈশ্বরদিয়া গ্রামে পাঁচজন মিলে গড়ে তুলেছেন ‘ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম’। সম্প্রতি খামারটিতে গিয়ে দেখা যায়, গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারি আজহারুল হক ও দুইজন শ্রমিক। 

খামারটিতে ৩৫টি ষাঁড় গরু রয়েছে। এর মধ্যে বিক্রির উপযোগী ৩০টি। দুই দিনে অনলাইনে পাঁচটি মাঝারি ও বড় ষাঁড় বিক্রি হয়েছে। প্রাকৃতিক উপায়ে চাষ করা ঘাস ও খৈল, ভুসি খাইয়ে গরু মোটাতাজা করায় তা বিক্রির জন্য বাজারে তুলতে হয় না। ঈদের আগে খামার থেকে সব ষাঁড় বিক্রির প্রত্যাশা আজহারুল হকের।

তিনি বলেন, “ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার মাঝারি আকারের গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। খামারে বর্তমানে ৩৫টির মত ষাঁড় রয়েছে। প্রত্যেকটির দাম ৮০ হাজার থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত। গরুগুলো দেশি ও শাহীওয়াল জাতের। 

“ক্রেতা একনজর গরু দেখলেই পছন্দ করে ফেলবেন। তবে এসব গরু বিক্রিতে খুব একটা দরকষাকষি করা লাগে না। এ বছর আমরা অনলাইনে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, গরু হাটে তোলার আগেই সব বিক্রি হয়ে যাবে।”

‘অ্যাগ্রো ফার্মে’ গরু কিনতে আসা মো. শাহজাহান বলেন, “শুধু কোরবানির জন্যই আমি এখান থেকে গরু কিনি না। যেকোনো অনুষ্ঠানের জন্যও গরু কিনে থাকি। আর গরু কিনতে সহজ মাধ্যম হিসেবে অনলাইন বেশি ব্যবহার করি। 

“কারণ এই খামারের গরুর মাংস খুবই সুস্বাদু। সুন্দর পরিবেশ ও দেশি খাবার খাইয়ে গরু মোটাতাজা করায় এখানকার পশুর চাহিদা বেশি।”

২০০৯ সালে সদর উপজেলার ফুলপুরের ভাইটকান্দি গ্রামের জহিরুল হক ভাষণ গড়ে তোলেন ‘বিগ ব্যাং ফার্ম’। প্রতি বছর জহিরুলের ফার্ম থেকে ৩০ থেকে ৪০টি ষাঁড় বিক্রি করা হলেও এবার ২৫টির মত গরু প্রস্তুত রয়েছে। দেশি জাতের এসব ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

খামারি জহিরুল বলেন, “কোরবানির ঈদে গরু হাটে তোলার চিন্তা করি না। সবগুলোই অনলাইনে বিক্রি হয়ে যায়। এর মধ্যে অনলাইনে গরু কিনতে ক্রেতারা দরকষাকষি করছেন। আশা করছি, কয়েকদিনের মধ্যে ধুম বিক্রিও হবে। 

“তবে আমার নিজস্ব কিছু ক্রেতা আছেন, তাদের জন্য প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক গরু রাখতে হয়। এ বছর অন্য কাজে একটু বেশি ব্যস্ত থাকায় ফার্মটির দিকে মনোযোগ দিতে পারিনি। তাই উৎপাদন লক্ষ্যমাত্রা কম হয়েছে।”

গরু ব্যবসায়ী বাপন সাংমা বলেন, ঈদকে সামনে রেখে খামারে খামারে ঘোরার পাশাপাশি অনলাইনেও গরু দেখছেন তিনি। এবার খামারিরা মাঝারি আকারের গরু সবচেয়ে বেশি লালন-পালন করেছেন। এসব গরুর চাহিদাও মোটামুটি ভালো। দামও ক্রেতার সাধ্যের মধ্যে রয়েছে।

তবে একটু কম দাম পেলেই গরু কিনে খামারে রাখছেন বাপন সাংমা। যেগুলো ঈদের আগে হাটে অথবা অনলাইনেই বিক্রি করবেন তিনি।

ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম বলেন, রোজার শুরু থেকে জেলার প্রতিটি খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে, কোরবানির চাহিদা পূরণ হয়েও ৫৮ হাজারের বেশি পশু অতিরিক্ত থাকবে।

এ ছাড়া রোদ ও ভোগান্তি এড়াতে অনলাইনে গরু কেনা-বেচার জন্য ক্রেতা ও বিক্রেতাকে উৎসাহিত করা হচ্ছে; আর এতে সাড়াও মিলছে বলে জানান তিনি।

তবে ভারত থেকে অবৈধ পথে কোনোভাবেই যেন গরু প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা।