বাগেরহাটে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা শুরু
কর্মশালায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে অংশগ্রহণ করেছে।
‘শিশুর চোখে শিশুর গল্প’- প্রতিপাদ্যে বাগেরহাটে শিশুদের নিয়ে সাংবাদিকতার উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট শহরের দশানী এলাকায় একটি অভিজাত রেস্তঁরায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম।
রোববার সনদ বিতরণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে। কর্মশালায় বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছেলে ও ১০ জন মেয়ে অংশগ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউনিসেফ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।
দুদিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাব এডিটর সৈয়দা মৌ জান্নাত।
দুদিনে সাংবাদিকতা, গণমাধ্যম, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, নারী ও শিশু বিষয়ক স্পর্শকাতরতা, মোবাইল ফোনে ভিডিও ধারণ, সংবাদ তৈরি, শিশু অধিকার ও জাতিসংঘের শিশু অধিকার সনদ বিষয়ে আলোচনার পাশাপাশি সরেজমিনে সংবাদ সংগ্রহের কৌশল ধারণা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম বলেন, “শিশুদের মাধ্যমে অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের কথা তুলে আনার এই প্রয়াস আমাদের সন্তানদের চোখ খুলে দেবে।
“শুধু সাংবাদিকতা নয়, ব্যক্তি জীবনেও নিজেদের অধিকার শিশুদের জ্ঞান অর্জনে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ কর্মশালা। আমি অভিভূত হয়েছি এখানে অংশগ্রহণ করা শিশুদের অভিব্যক্তি ও স্পৃহা দেখে। তাদের চোখে স্বপ্ন আছে। তাদের কথায় মনে হয়েছে তারা এই সমাজ ও দেশের জন্য কিছু করতে চায়।”
তিনি বলেন, “প্রতিটি শিশুকে নিয়েই তার বাবা-মা স্বপ্ন দেখে। তোমরা তোমাদের অভিভাবকদের স্বপ্ন পূরণ কর। নিজেদের লক্ষ্য অর্জনের পাশাপাশি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তোমরা শিশুদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরবে এটাই প্রত্যাশা করি।”
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া শিশুরা বলে, এই প্রশিক্ষণে অংশ নিতে পেরে তারা আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের অধিকারসহ নানা আইন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা কো-অর্ডিনেটর নূশরাত ইসলাম তৃষা।
