২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: গাইবান্ধায় মিছিলে পুলিশের বাধা, ধাওয়া-পাল্টা ধাওয়া

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে যোগ দেন আইনজীবী ও অভিভাবকরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 10:12 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নিহত, ‘গণগ্রেপ্তার ও মিথ্যা মামলা’র প্রতিবাদসহ নয় দফা দাবিতে ‘রিমেমবারিং দ্যা হিরোস’ কর্মসূচি পালনের সময় গাইবান্ধায় শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে ‘ছাত্র-শিক্ষক-অভিভাবক ও পেশাজীবী সংহতি সমাবেশ’ হওয়ার কথা ছিল। বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের বাস টার্মিনাল এলাকার কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি আদালতের মূল ফটকের দিকে যেতে চাইলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীদের মিছিলটি শহরের পুরাতন জেলখানার গোলচত্বরের দিকে যেতে চাইলে বাস টার্মিনাল এলাকায় আবার পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় সেখানে পেট্রোল পাম্পের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘিরে রাখেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে তাদের সঙ্গে যোগ দেন গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের বেশকিছু আইনজীবী ও স্থানীয় অভিভাবকরা। 

প্রায় এক ঘণ্টা পর আবার আন্দোলনকারীরা মিছিল নিয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।