২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হাকিম হত্যা: আট বছরেও শুরু হয়নি বিচার

আবদুল হাকিম দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রতিনিধি ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 05:32 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। 

সোমবার সকালে সাড়ে ১০টায় তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

হাকিম দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলার প্রতিনিধি ছিলেন। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে তিনি গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় সাংবাদিক হাকিমের স্ত্রীর হত্যা মামলা করেন। পরে ওই মামলায় ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু আট বছর অতিবাহিত হলেও আজও মামলার বিচারকার্য শুরু হয়নি।

বক্তারা জানান, আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি রাজশাহী বিশেষ ট্রাইব্যুনালে স্থগিত অবস্থায় রয়েছে। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ হত্যা মামলার দ্রুত বিচারকার্য শুরুর দাবি জানান সাংবাদিক ও নিহতের স্বজনরা।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুণ্ডু, সহসভাপতি রাসেল সরকার, সাংবাদিক আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন ও প্রয়াত আবদুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার।