Published : 02 Feb 2025, 08:41 PM
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়েছেন নেতাকর্মীরা। এ সময় আট পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব নামাজ শেষে বের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি তিনি।
গ্রেপ্তারের পর পুলিশের একটি দল তাকে গাড়িতে ওঠায়। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন লোকজন। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন। কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হন।
পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাবকে পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।
এ বিষয়ে জানতে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়ায় যায়।