কিশোরগঞ্জে বিএনপির সাবেক নেতার আওয়ামী লীগে যোগদানের ঘোষণা
আবু আহমেদ ফয়জুল করিম মুবিন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক ছিলেন।
কিশোরগঞ্জের বিএনপি নেতা আবু আহমেদ ফয়জুল করিম মুবিন আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন।
বুধবার ফেইসবুক লাইভে এ ঘোষণা দেন তিনি।
আবু আহমেদ ফয়জুল করিম মুবিন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাবা আবু আহমদ ফজলুল করিম জিয়াউর রহমানের মন্ত্রিসভার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
লাইভে ফয়জুল কবীর মুবিন বলেন, “আওয়ামী লীগ দেশপ্রেমিক নেতৃত্বের মুক্তিযুদ্ধের সপক্ষের ধর্মনিরপেক্ষ দল। ৫ অগাস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে।
“স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।”
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “বিএনপিতে বর্তমানে ফয়জুল করিমের কোনো পদ নেই। তার কথাবার্তাও এখন ঠিক নেই এবং তার কার্যক্রমেরও গুরুত্ব নেই।”
এ বিষয়ে জানতে ফয়জুল কবীর মুবিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
