কুড়িগ্রামে বাড়তি তেল নেওয়া নিয়ে উত্তেজনা, মুচলেকায় মুক্তি
অপেক্ষার পর দুই মোটরসাইকেল চালক ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় তেল নেওয়া নিয়ে ফিলিং স্টেশনে উত্তেজনা ও পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান ভুরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন।
আটক দুই যুবক হলেন- আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
ওসি বলেন, সকাল থেকে মোটরসাইকেলে ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। চালকরা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর দুই মোটরসাইকেল চালক ৫০০ টাকার তেল দেওয়ার দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।
তারা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ওই দুই চালককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেনের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়।
ইউএনও বলেন, “ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
