১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রচণ্ড গরমে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

স্বজনদের দাবি তারা ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:37 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

প্রচণ্ড দাবদাহের মধ্যে মাদারীপুরে পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তারা ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।

রোববার সকালে কালকিনি উপজেলার পশ্চিম শিকার মঙ্গল এলাকায় এক ব্যবসায়ী এবং দুপুরে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়ায় এক কৃষক মারা যান বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম।

নিহতরা হলেন- শাহাদাত সরদার (৫২) এবং মোসলেম ঘরামী।

স্বজনরা জানিয়েছেন, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের পশ্চিম শিকার মঙ্গল গ্রামের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদাত সরদার ভোররাত থেকে অসুস্থ বোধ করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

প্রচণ্ড গরমের ‘হিট স্ট্রোকে’ তিনি মারা গেছেন বলে দাবি স্বজনদের।

অপরদিকে সকালে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে বাড়ির পাশে জমিতে কাজ করতে যান মোসলেম। প্রচণ্ড রোদে কাজ করার এক পর্যায়ে জমিতেই পড়ে মারা যান তিনি।

দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা জমিতে গিয়ে দেখে তিনি মরে পড়ে আছেন।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “নিহতদের স্বজনরা দাবি করছেন, তারা ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন। মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।“

তীব্র গরমে সবাইকে ঠান্ডা পরিবেশে থাকার পাশাপাশি প্রচুর পরিমাণ পানি পানের পরামর্শ দিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন মুনীর আহম্মেদ খান।