২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক

নির্বাচন বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 09:34 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা পুলিশের হাতে আটক হয়েছে। 

সদর থানার ওসি মোহাম্মাদ কায় কিসলু জানান, শনিবার রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক জনকে এবং বাকিদের শান্তিনগর ও কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়। 

আটকরা হলেন- জেলা যুবলীগের সদস্য বোরখান উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা মো. রুবেল। 

ওসি কায় কিসলু বলেন, শনিরার রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বোরখান উদ্দিনকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, হাবিবুর রহমান হাবিবকে শান্তিনগর থেকে ও রুবেলকে কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়। 

এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে।” 

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেভিল হান্ট ‘ফেইজ-টু’ অপরেশন চলমান থাকবে বলে জানান ওসি কায় কিসলু।