২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪, ইজিবাইক উদ্ধার

মাদকদ্রব্য বেচা-কেনার টাকা পয়সাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে জানান ওসি।

যশোরে চালককে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪, ইজিবাইক উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2023, 04:37 PM

Updated : 19 Oct 2023, 05:24 PM

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে হত্যায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

বৃহস্পতিবার এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিসি) ওসি রুপন কুমার সরকার।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার বড়আচড়া গ্রামের শামীম হোসেন (২০), একই গ্রামের আশরাফুল আলম রাব্বি (১৯) ও আজম হোসেন (২০) এবং রাড়িপুকুর গ্রামের জাহাঙ্গীর কবির (৩০)।

ডিবির ওসি রুপন বলেন, “ভোরে হত্যার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত শামীম ও রাব্বিকে বেনাপোল বল ফিল্ড এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, নিহতের ইজিবাইক বিক্রিতে সহযোগিতা করা আজম ও কবিরকে আটক করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, হত্যা কাজে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, মাদকদ্রব্য বেচা-কেনার দেনা-পাওনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

এর আগে বুধবার সকালে বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের পদ্ম বিলের ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় গয়ড়া গ্রামের সহিদুল ইসলাম গাজীর ছেলে সজীব হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

যশোরে ধানক্ষেতের পানিতে ভাসছিল ইজিবাইক চালকের লাশ