২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

এটি মিথ্যা মামলা বলে দাবি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকী রিগ্যানের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 11:16 PM

Updated : 09 Dec 2022, 11:36 PM

বগুড়ায় বিএনপির ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে সদর থানা এসআই ওসমান গনি বাদী হয়ে মামলাটি করেন বলে একই থানা পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান। 

মামলায় জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক তৌহিদুল আলম মামুন, গাবতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বিএনপি ও এর  সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সেখানে যায়। এ সময় বগুড়া আইন কলেজের সামনে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরণের পরপর তারা ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেন।  

ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল, বেশ কিছু ইট ও পাথরের টুকরো, ১৫টি লাঠি ও ১০টি লোহার রড উদ্ধার করে। 

পুলিশ জানায়, আহতদের মধ্যে সদর পুলিশ ফাঁড়ির দু'জন ও পুলিশ লাইন্সের দু'জন সদস্য আছেন। তাদের সরকারি মো. আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।   

পুলিশ পরিদর্শক বাবু কুমার বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনে মামলাটি হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।  

এদিকে, মামলার বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকী রিগ্যান মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণসামাবেশের জন্য তিনদিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি। গতকালের কর্মসূচিতে আমি ছিলাম না। কোনো ফুটেজ কেউ দেখাতে পারবে না। এটা একটা হাস্যকর, ভৌতিক ও মিথ্যা মামলা।