১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

একইসঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 01:44 PM

Updated : 16 Nov 2026, 02:00 PM

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

সেই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, নতুন দুটি থানা হল কক্সবাজারের মাতামুহুরী ও বগুড়ার মোকামতলা। আর নতুন দুটি পৌরসভা হল বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুর।

কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ নামে দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই উপজেলার পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও এখন তা হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

হাসান শিপলু জানান, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া হয়েছে। আর পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।