২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৬ দোকান ভস্মীভূত, ‘অর্ধ কোটি’ টাকার ক্ষতি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৬ দোকান ভস্মীভূত, ‘অর্ধ কোটি’ টাকার ক্ষতি
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 05:45 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান।

ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কাজী মনিরুল ইসলামের ফার্মেসি, লোকমান টেইলার্স, কালু টেইলার্স, জাহাঙ্গীর ফার্মেসি, আবু জাহেরের মুদি ও একটি সবজির দোকান। ভুক্তভোগীদের দাবি, অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ঘর পুড়ে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া একটি ফার্মেসির মালিক কাজী মনিরুল ইসলাম বলেন, “আমার দোকানে থাকা মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।”

মুদি দোকানের মালিক আবু জাহের বলেন, “সকালে ঈদের নামাজের সালাম ফেরাতেই খবর পেলাম, দোকানে আগুন লেগেছে। সেখানে গিয়ে দেখি, কিছুই নেই, সব পুড়ে ছাই। স্টোর রুম ও দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। আমার মাল-টাকাসহ প্রায় ২৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজী শরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।”