জুলাই আন্দোলনে হামলা: নেত্রকোণায় আওয়ামী লীগের চারজন গ্রেপ্তার
বিএনপি নেতা ফজলুল হক মাসুম তার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় এই মামলা করেন।
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব (৫০), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল শিকদার (৫০), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ (৪০) এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নুর সমাপ্ত (৩০)।
পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালায়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় তারা।
এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মামলা করেন বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও জনকে আসামি করা হয়।
