২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাসদস্যদের উদ্দেশ্য করে চার থেকে পাঁচটি গুলি ছুঁড়ে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 11:16 AM

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার রাত ৯টার দিকে মাধবদী থানার পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ। 

আটক শাহ আলম (৪০) নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। 

লেফটেন্যান্ট কর্নেল রশীদ বলেন, হুমায়ুনকে হত্যা মামলা আসামি ও ‘ভাড়াটে খুনী’ শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। 

এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েকটি গুলিও ছুড়ে শাহ আলম। আতঙ্কিত স্থানীয়রা খবর দিলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। 

উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাসদস্যদের উদ্দেশ্য করে চার থেকে পাঁচটি গুলি ছুঁড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। 

এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএমের ফাতিহা-১৩ মডেলের পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯টি গুলির খোসা জব্দ করা হয়। 

রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা রশীদ। 

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন,  গত ২২ ডিসেম্বর রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামী শাহ আলম।

এছাড়াও শাহ আলমের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানান ওসি। 

আগের সংবাদ

নরসিংদীতে যুবককে ডেকে নিয়ে গুলি করে হত্যা