২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিছিলে রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 12:21 AM

Updated : 26 Aug 2026, 10:46 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল ছিল ফেনী।

মঙ্গলবার বিকালে দাগনভূঞা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

মিছিলটি উপজেলা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলা ছাত্র সমাজের প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ফাহিম, তানভীর বিন হোসাইন মিশকাত, আব্দুল মোতালেব, রবিউল হাসান সজীব এবং সুজন মিয়া বক্তব্য দেন।

শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ফাহিম বলেন, ফ্যাসিবাদের ‘দোসর’ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা যেভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছে, সেভাবে ‘মার্চ টু বঙ্গভবন’ কর্মসূচির ডাক দেবে।

এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।