২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুলাই আন্দোলনের’ প্রভাবে যশোরে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ।

‘জুলাই আন্দোলনের’ প্রভাবে যশোরে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক
যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 06:09 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ; যা গত বছর ছিল ৯২ দশমিক ৩৩ ভাগ।

তবে পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ কমার কারণ হিসেবে ‘জুলাই আন্দোলনের’ প্রভাবকে সামনে এনেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আব্দুল মতিন।

বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর শিক্ষা বোর্ডে মিলনায়তনে সাংবাদিকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে পাসের হার কমলেও, মেধার ভিত্তিতে ফল মূল্যায়ন করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

এর আগে এসএসসি ও সমমানের ফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগম। 

তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ এবং জিপিএ-৫ পেয়ে ১৫ হাজার ৪১০ জন। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ৩৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ২ হাজার ৩১৯ জন। এর মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন ও মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন। 

আসমা বেগম বলেন, দুই হাজার ৫৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৭৫টিতে এবং শতভাগ ফেল করেছে দুটি প্রতিষ্ঠান। এ দুইটি প্রতিষ্ঠান হচ্ছে নড়াইলের তালতলা মুলাদী সেকেন্ডারি গার্লস স্কুল ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নাহালখাল গার্লস স্কুল রয়েছে। দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থী ছিল একজন করে।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ ও জিপিএ-৫ ছিল ২০ হাজার ৭৬১ জন। 

পাসের হার ও জিপিএ-৫ কম হওয়ার কারণ নিয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মতিন বলেন, “এ বছর পরীক্ষার্থী কম উত্তীর্ণ হয়েছে ইংরেজি ও গণিতে। এ ছাড়া জুলাই বিপ্লবে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পাঠ নিতে পারেনি এবং ক্লাসও হয়নি।

“তবে এ বছর গণহারে নম্বর দেওয়া হয়নি। এবার কোয়ান্টিটি নয়, কোয়ালিটির মূল্যায়ন করা হয়েছে।”

যশোর জেলায় পাসের হার বেশি

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০ জেলার মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে যশোর জেলা। এ জেলার পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। শিক্ষকরা বলছেন, বিগত দিনের মতো এবার সংখ্যায় নয় যোগ্যতায় মূল্যায়ন করা হয়েছে।

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ বলেন, “সারা দেশে কী হয়েছে জানি না। তবে যশোর এবারের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছে। এ ছাড়া বিগত দিনের মতো এবার ফলাফলে সংখ্যা বাড়ানোর চাপ ছিল না। ফলে যারা উত্তীর্ণ হয়েছে তারা মেধার ভিত্তিতেই হয়েছে।”

যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতার ফল পেয়েছে যশোর। এ ছাড়া ফল তৈরিতে এবার সংখ্যা বাড়ানোর বিষয়ে সবাই চাপমুক্ত ছিল।

ফলে পেয়ে উচ্ছ্বাসিত পরীক্ষার্থীরা। অনলাইন কিংবা মোবাইল ফোনের এসএমএসে ফলে জানা গেলেও তারা অভিভাবকদের নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ছুটে যান।

যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর অভিভাবক আনিসুজ্জামান পিন্টু বলেন, জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার বাংলাদেশে সংখ্যায় নয়, যোগ্যতাই যেন মূল্যায়নের মাপকাঠি হয় তার দেখা মিলল এ বছরের এসএসসির ফলে।