১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাবি পেল নতুন ছাত্র উপদেষ্টা-জনসংযোগ দপ্তর প্রশাসক

দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী পাবেন।

রাবি পেল নতুন ছাত্র উপদেষ্টা-জনসংযোগ দপ্তর প্রশাসক
(বাঁ দিক থেকে) মো. আখতার হোসেন মজুমদার ও আমিরুল ইসলাম কনক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 10:49 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনককে ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারকে জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। 

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী পাবেন।

এদিকে, দুপুরেই দায়িত্বে যোগদান করেছেন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

আমিরুল ইসলাম কনক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার পিএইচডি ডিগ্রিও লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। 

২০১৩ সালে তিনি প্রতিষ্ঠানটির ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া, তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল‌্যবো‌ধে বিশ্বাসী প্রগ‌তিশীল শিক্ষক সমা‌জেরও সদস‌্য।

অন্যদিকে নবনিযুক্ত জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

এ ছাড়া তিনি জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) সদস্য।