১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে গ্যারেজে ‘ডাকাতি’: ‘বাধা দেওয়ায়’ দুজনকে কুপিয়ে জখম

এ ঘটনায় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করা হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 02:23 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

নরসিংদী সদর উপজেলায় একটি ইজিবাইক গ্যারেজে ‘ডাকাতির’ ঘটনা ঘটেছে। এ সময় ইজিবাইকের ব্যাটারি লুট করার সময় ‘বাধা দিতে গেলে’ গ্যারেজ মালিকের বাবা ও ভাইকে কুপিয়ে আহত করা হয়।

এ সময় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করা হয়েছে বলে গ্যারেজ মালিক দাবি করেছেন।  

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চিনিশপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে নরসিংদী সদর মডেল থানার এসআই বেলাল জানিয়েছেন। 

আহতরা হলেন- গ্যারেজ মালিক এনামুল হক আকাশের বাবা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও ছোট ভাই আসিফ ভুইয়া (২২)। 

তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আকাশ বলেন, “বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল বেজে ওঠায় সন্দেহ হয়। এরপর বাবা ও ভাই গ্যারেজে গিয়ে দেখেন, গ্যারেজের দায়িত্বে থাকা পাহাড়াদার বাবু ও ইজিবাইক চালক জুয়েলকে বেঁধে রেখে ডাকাতদল ইজিবাইকের ব্যাটারি লুট করে পিকআপ ভ্যানে তুলছে।”

এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা বাবা ও ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে ব্যাটারি ভর্তি করা গাড়িসহ পালিয়ে যায় বলে জানান তিনি। 

ডাকাতরা ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে দাবি করে আকাশ বলছেন, “ডাকাতদল তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা ও রশিসহ বেশ কিছু আলামত ফেলে গেছে।” 

এসআই বেলাল বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”