Published : 11 Sep 2024, 11:56 AM
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে; এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার রাতে উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক পৌনে ১টার দিকে একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভার চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগে জুয়েলার্স, ক্রোকারিজ, টিন ও গ্লাসের দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের লিটন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও ভোলা সদরের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়ে, তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।