খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
হামলায় সৌরভ নামে আরেক যুবক গুরুতর আহত হন বলে পুলিশ জানায়।
খুলনা নগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চানমারি খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান।
নিহত পলাশ হাওলাদার (২৮) ওই এলাকার শিপন হাওলাদারের ছেলে। এ ঘটনায় একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সৌরভ গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি হাসান আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে পলাশ তার কয়েকজন বন্ধুর সঙ্গে ওই এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন।
“এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।”
ওসি জানান, এ সময় পলাশের বন্ধুরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা হয়; এতে সৌরভ নামে আরেক যুবক গুরুতর আহত হন; এররপ হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
পরে পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন; আহত সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
