সিলেটে বেড়াতে গিয়ে ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার স্কুলছাত্রী
দশম শ্রেণির ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রী ‘দলবেঁধে ধর্ষণের’ শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে বলে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান।
দশম শ্রেণির ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- ইমরান আহমদ (২৩), তানজিদ আহমদ (১৮), শাকের আহমদ (২৪), শাকিল আহমদ (২১) ও মুমিন আহমদ (২০)।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে একটি পরিত্যক্ত ইটভাটা এলাকায় বেড়াতে যান। তখন বখাটে পাঁচ যুবক গোপনে তাদের কিছু তোলে। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনজন মেয়েটিকে ধর্ষণ করে। বাকি দুজন সহায়তা করে।
ওসি বলেন, “বিষয়টি ধামাচাপার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠাই এবং পরিবারকে মামলা করার পরামর্শ দেই।”
মামলা করতে দেরি হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।
এদিকে, ঘটনাটি প্রকাশ হওয়ার পর বিকালে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে আসামিদের গ্রেপ্তার দাবি করেছেন।
