নরসিংদীতে আওয়ামী লীগ নেতা খুন: আসামি গ্রেপ্তার কাতার বিমান বন্দরে
পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের মধ্যে এজাহারনামীয় আসামি রয়েছেন ছয়জন।
নরসিংদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলার এক আসামি কাতার বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।
গ্রেপ্তার রাসেল মাহমুদ (৪৫) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পৌলানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় সুপার শপ চালানোর পাশাপাশি দেশেও ব্যবসা করেন।
সদর উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রাসেল ওই মামলার দুই নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার কাতার বিমান বন্দরে নামলে সেখানকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ১২ ঘণ্টা আটক রাখার পর রাসেল মাহমুদকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পর শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে নরসিংদী জেলা পুলিশে হস্তান্তর করে।
মাহবুবুল হাসান হত্যার ঘটনায় রাসেল মাহমুদ ছাড়াও এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন- মাধবদী থানাধীন পৌলানপুর এলাকার কদম আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৬৫), তার তিন ছেলে মো. হিমেল মিয়া (৪৩), জুয়েল মিয়া (৩৯), মো. নবেল (২৮), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার খানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রাব্বি (১৯), কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারী থানার উত্তর ভরতের ছডা এলাকার আব্দুর রহিমের ছেলে ও মাধবদীর ভগিরথপুর টেক্সটাইল মিলস এলাকার বর্তমান বাসিন্দা মো. মিঠু (৩৫) এবং মাধবদী থানার কবিরাজপুর এলাকার মো. জমির উদ্দিনের ছেলে মো. লিপু মিয়া (৪৫)।
তাদের মধ্যে রাসেল মাহমুদসহ এজাহারনামীয় আসামি রয়েছেন ছয়জন।
মঙ্গলবার রাতে সদর উপজেলার ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় ৮-১০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। পথে ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।
এ সময় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে মাহবুবুল, সাঈদ ও ফরহাদ আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
হত্যার ঘটনায় নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার মাধবদী থানায় মামলা করেন। মামলার এজাহারে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যানকে ‘হত্যার কাজে ব্যবহৃত’ গুলির খোসা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে মাহবুবুল হাসানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।”
এসপি বলেন, “এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী রাসেল মাহমুদ বিদেশে পালিয়ে যাওয়ার সময় কাতার বিমান বন্দরে গ্রেপ্তার হয়েছেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দাবি করে এসপি আরও বলেন, “তাকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড চাওয়া হবে।”
